রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় টিনশেড ঘরে আগুন লাগার খবর পাওয়া গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করছেন।





