পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীতে অপরাধ দমনে অলআউট অ্যাকশন শুরু করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ মার্চ) থেকে মাঠে থাকবে ডিবির বিশেষ দল।
ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছদ্মবেশে গোয়েন্দা সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবেন।
শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, \"রমজান ও ঈদের সময় মার্কেট, শপিংমল, বাস টার্মিনাল ও ঢাকার প্রবেশদ্বারগুলোতে মানুষের ভিড় বেড়ে যায়। এ সময় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য বিশেষ নজরদারি থাকবে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলবে।\"
তিনি আরও বলেন, \"ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে।\"রেজাউল করিম মল্লিক সতর্ক করে বলেন, \"যদি কেউ ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়ার চেষ্টা করে বা বাসায় তল্লাশি চালাতে চায়, তাহলে দ্রুত ডিবিকে জানান।\"
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি জানান, অপরাধীদের একটি বড় অংশের বয়স ১৫ থেকে ৩০ বছর। তিনি অভিযোগ করেন, \"পতিত সরকারের কিছু লোক কিশোর গ্যাং ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।\"






