লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


\r\n

শনিবার (২০ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে যান, যেখানে শহিদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে।


\r\n

এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা-১৭ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।


\r\n

শনিবার সকাল ৮টা ২২ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।


\r\n

হিমাগারে ডা. শফিকুর রহমান শহিদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে তিনি উপস্থিত সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত এবং তার শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করেন।


\r\n

এদিকে, শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমিরসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে।