সায়েন্সল্যাব মোড়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অফিস সময় হওয়ায় মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে হেঁটে কর্মস্থল বা গন্তব্যের দিকে এগোচ্ছেন।


সোমবার (১ ডিসেম্বর) বেলা সোয়া এগারোটার দিকে দেখা যায়, সায়েন্সল্যাব মোড় ঘিরে পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে। এলিফ্যান্ট রোড থেকে মিরপুর সড়কে প্রবেশ বন্ধ, নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়কে চলাচল বন্ধ, ধানমন্ডি থেকেও নিউমার্কেটমুখী যান চলাচল স্থবির। সব ধরনের গাড়ি আটকে থাকায় যাত্রীরা হেঁটে পথ পাড়ি দিচ্ছেন।


দোকান কর্মচারী রাশেদুল ইসলাম বলেন, ধানমন্ডি পর্যন্ত যানজট লেগে আছে। গাড়ি না চলায় হাঁটতেই হচ্ছে। হঠাৎ এমন অব্যবস্থার কারণে সাধারণ মানুষকেই সবচেয়ে বেশি ভুগতে হয়।


পথচারী আফসানা খাতুন জানান, নিউমার্কেট থেকে বাসায় ফিরছিলেন, কিন্তু গাড়ি না পেয়ে হাঁটা ছাড়া উপায় নেই। সায়েন্সল্যাব পার হয়ে সামনে থেকে গাড়ি ধরার চেষ্টা করবেন।


অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজসহ সাত সরকারি কলেজ দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও পরিচিতি ধরে রেখেছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো চালু হলে এসব প্রতিষ্ঠানের স্বকীয়তা নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। তারা অভিযোগ করেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার সময় শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি।


\r\n\r\n\r\n\r\n\r\n

প্রসঙ্গত, সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে এসব কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে।