ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেন।

সোমবার (১১ মে) সচিবালয়ে বিএসআরএফের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের নির্যাতন, অবিচার বা সহিংসতা বরদাশত করা হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সরকারের অগ্রাধিকার।

ভারতের প্রসঙ্গ টেনে ধর্মমন্ত্রী বলেন, সেখানে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে অনুরোধ জানানো হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত হলে দুই দেশের সম্পর্ক আরও শ্রদ্ধাপূর্ণ হবে।

তিনি আরও বলেন, “ভারতে যা ঘটছে, তা বাংলাদেশে ঘটতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের নির্যাতন বা জুলুম সহ্য করা হবে না।”

বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, ভালো বিরোধী দল রাষ্ট্রের জন্য ইতিবাচক, তবে গঠনমূলক সমালোচনার বদলে তারা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।