আবহমান বাংলা সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর সাম্প্রতিক সহিংস হামলার প্রতিবাদে ‘গানে গানে সংহতি-সমাবেশ’ করেছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছায়ানটের উদ্যোগে আয়োজিত সমাবেশে সংগীতকে প্রতিবাদ ও সংহতির ভাষা হিসেবে তুলে ধরা হয়। এতে দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিসেবী ও প্রগতিশীল চিন্তাধারার মানুষ অংশ নেন।
সমাবেশে ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করা একাধিক কালজয়ী গান পরিবেশন করেন। গানগুলোর মধ্য দিয়ে সহিংসতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ এবং ঐক্যের বার্তা তুলে ধরা হয়।
আয়োজকদের ভাষ্য, এই কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সহিংসতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান জানানো এবং বাংলা সংস্কৃতির অসাম্প্রদায়িক, মানবিক ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে উচ্চকিত করাই ছিল মূল লক্ষ্য। সংগীত ও সম্মিলিত কণ্ঠের মাধ্যমে সমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয় এই সংহতি-সমাবেশে।





