রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আজ বুধবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, “অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি বলেন, “ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী পূর্ব কোনো নির্দেশনা ছাড়াই সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে, যেমনটা সবসময়ই করে থাকে। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপনের ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই।”
লে. কর্নেল সামি উদ দৌলা আরও বলেন, “আমি নিজে এবং আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। গণমাধ্যম চাইলে এ বিষয়ে তদন্ত করতে পারে, এবং সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শন করতেও তারা স্বাধীন। আইএসপিআর সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি সকলকে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে যাচাই-বাছাই করে দায়িত্বশীলভাবে তথ্য প্রচারের আহ্বান জানান।






