সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। সোমবার (১৯ মে) সকালে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তবে এবার শাকিল কেবল শৃঙ্গ জয় করেই থেমে থাকেননি—তিনি গড়েছেন এক অনন্য বিশ্বরেকর্ড।
\r\nশাকিলের এবারের অভিযান ছিল ‘সি টু সামিট’ শীর্ষক, যার মাধ্যমে তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রার মাধ্যমে দ্রুততম সময়ে এভারেস্ট জয় করে নজিরবিহীন কৃতিত্ব অর্জন করেন। এতে তিনি হয়ে উঠেছেন সর্বকনিষ্ঠ অভিযাত্রী, যিনি এভাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন।
\r\nবাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সমন্বয়ক সাদিয়া সুলতানা শম্পা ‘Ikramul Hasan Shakil - ইকরামুল হাসান শাকিল’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই সাফল্যের খবর নিশ্চিত করেন।
\r\nতিনি জানান, শাকিল এভারেস্ট জয় শেষে বর্তমানে ক্যাম্প-৪ এ অবস্থান করছেন। শাকিল কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে পদযাত্রা শুরু করে প্রায় ১,৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাত্র ৯০ দিনের মধ্যেই চূড়ায় পৌঁছান। এটি একটি নতুন বিশ্বরেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
\r\nশাকিল ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ এর ১৯৯০ সালের রেকর্ড। স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে ১,২০০ কিলোমিটার পদযাত্রা করে ৯৬ দিনে এভারেস্ট জয় করেছিলেন। শাকিল সেই পথকে আরও দীর্ঘ করেছেন এবং সময়ও কম নিয়েছেন, যা তাকে বিশ্বে এক ব্যতিক্রমী উচ্চতায় পৌঁছে দিয়েছে।
\r\nগত ২৫ ফেব্রুয়ারি শাকিল তার যাত্রা শুরু করেন ইনানি সৈকত থেকে। এরপর বাংলাদেশ, ভারত ও নেপালের বিস্তৃত ও দুর্গম অঞ্চল পেরিয়ে অবশেষে জয় করেন ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট।
\r\nতবে যাত্রার শেষ পর্বে যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে শাকিল ঠিক কোন সময় চূড়ায় পৌঁছেছেন এবং তার দলের সদস্য সংখ্যা কত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
\r\nএই সাফল্য শুধু শাকিলের একক অর্জন নয়, এটি বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করল। দেশে-বিদেশে এই কীর্তি ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে।







