সড়কে চলাচলরত ফিটনেসবিহীন গণপরিবহন দ্রুত সরিয়ে নিতে পরিবহন মালিকদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, এই ঋণ স্বল্পসুদে ও বিশেষ রেয়াতি সুবিধায় প্রদান করা হবে।


রোববার সকালে রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র‍্যাপিড পাস’ কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “নগর পরিবহনে শৃঙ্খলা ও আধুনিকায়ন নিশ্চিত করতে ফিটনেসবিহীন বাস অপসারণ জরুরি। পাশাপাশি যাত্রীসেবায় প্রযুক্তিনির্ভর সুবিধা চালুর অংশ হিসেবে ‘র‍্যাপিড পাস’ দ্রুত সব গণপরিবহনে চালু করা হবে।”


এদিন গুলিস্তান-শিববাড়ী-মতিঝিল রুটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চলাচল করা বিআরটিসির ১০টি বাসে ‘র‍্যাপিড পাস’ ব্যবহারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে বিআরটিসি ৫টি বাস প্রদর্শন করে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও শেখ মইনউদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ।