জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, ক্ষমতার অপব্যবহারের ফলে দুজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গ্রেফতার হয়েছেন, যাদের একজনকে হেনস্তার শিকারও হতে হয়েছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে দরকার সত্যিকারের গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ যদি রাজনৈতিক দলের ভূমিকা পালন করতো, তবে শেখ হাসিনা দানবীয় আচরণে নামতেন না। তাহলে দেশের ইতিহাস অন্য রকম হতে পারত।”
তিনি আরও জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দলীয় নিবন্ধনের ক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা রাখা হয়েছে। এসবের মধ্যে রয়েছে—দলীয় অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, অপরাধীচক্র ও দুর্বৃত্তদের প্রবেশ রোধ, এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা।







