রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন।

সোমবার (২১ জুলাই) দুপুর থেকে তাঁর মৃত্যুর গুঞ্জন শোনা গেলেও বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। এতে জানানো হয়, পাইলটের মৃত্যুর মধ্য দিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

বিমান বিধ্বস্ত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তৌকির ইসলামকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি মাত্র এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।