ভারত থেকে সম্ভাব্য পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে ফেনীর ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থা।
রোববার চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি সন্দেহজনক চলাচল ঠেকাতে পরিচালনা করা হচ্ছে বিশেষ অভিযান।
একই সঙ্গে সীমান্ত এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সীমান্ত অপরাধ বা সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ করেছে বাহিনীটি।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ভারতের নির্বাচন ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে পুশইন, মাদক, গরু ও বিভিন্ন পণ্যের চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় বিজিবির কড়াকড়ি বাড়ানোর ফলে চোরাচালানকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।





