তিন দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার (২৬ মে) থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ‘বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’ এবং ‘ঐক্য পরিষদ’-এর ব্যানারে সংগঠিত এই আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
\r\nরোববার (২৫ মে) অর্ধদিবস কর্মবিরতির মধ্য দিয়ে পূর্বঘোষিত কর্মসূচির একধাপ শেষ হয়। ঐক্য পরিষদের আহ্বায়ক ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে জানান, “দাবি পূরণ না হওয়ায় আগামীকাল থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব। এ কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।”
\r\nএর আগে শিক্ষকরা পর্যায়ক্রমে কর্মবিরতি পালন করেছেন— ৫ থেকে ১৫ মে প্রতিদিন ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে ২ ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস।
\r\nশিক্ষকদের প্রধান তিনটি দাবি:
\r\n১. সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ এবং কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার,
\r\n২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন,
\r\n৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা এবং পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।
এছাড়াও শিক্ষকরা আরও কয়েকটি দাবি তুলেছেন, যার মধ্যে রয়েছে— শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির নিশ্চয়তা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা যেন কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ রাখা হয়।
\r\nশিক্ষকদের দাবি পূরণে সরকারের উদ্যোগ না থাকলে আন্দোলন আরও কঠোর হতে পারে বলে আভাস দিয়েছেন নেতারা।







