দেশের বাজারে হঠাৎ করেই পেঁয়াজের কেজি প্রতি দাম ২৫ থেকে ৩৫ টাকা বেড়ে গেছে। কয়েকদিন আগেও যা ৩০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল, এখন তা দাঁড়িয়েছে ৬৫-৭০ টাকায়। অথচ এখনই পেঁয়াজের ভরা মৌসুম। বাজার বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেট চক্রের মজুতদারির কারণেই এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।

\r\n

শনিবার (১৯ এপ্রিল)   সারেজমিনে  কাাঁচা বাজরে গিয়ে দেথা গেছে এমন পরিস্থিতি  যেখানে উঠে এসেছে এমন তথ্য —রমজান পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে কয়েক ধাপে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে একটি চক্র আগামী দুই-তিন মাসের মধ্যে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকার ওপরে নিতে সক্রিয়ভাবে কাজ করছে।

\r\n

পাইকারি বাজার কাওরান বাজার ও খুচরা বাজারে কথা বলে জানা গেছে, ঈদের আগে প্রতি কেজি পেঁয়াজ ছিল ২৫-৩০ টাকা। ঈদের পর তা ধাপে ধাপে ৪০, ৫০ এবং বর্তমানে ৬৫-৭০ টাকায় গিয়ে ঠেকেছে। পাইকারি আড়তে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৪০-৪৫ টাকা।

\r\n

পাইকারি বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধের অজুহাত তুলে একটি চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। সেই সঙ্গে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে এই বার্তা দিতে চাইছে যে, ভারতীয় পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা মেটানো সম্ভব নয়।

\r\n

এ বিষয়ে বাজারের একজন পাইকারি ব্যবসায়ী মো. মকবুল জানান, পুরোনো সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা ভরা মৌসুমে দেশীয় পেঁয়াজ মজুত করে দাম বাড়ানোর ফন্দি আঁটছে। এতে খুচরা পর্যায়ে ভোক্তারা চরম বিপাকে পড়ছেন।

\r\n

যাত্রাবাড়ী কাঁচাবাজারে পেঁয়াজ কিনতে আসা মো. শামছুজ্জামান তুর বলেন, “রমজানে বাজার মোটামুটি নিয়ন্ত্রিত ছিল। কিন্তু এখন তো পেঁয়াজের দামে আগুন লেগেছে। ৩০-৩৫ টাকার পেঁয়াজ আজ ৬৫ টাকায় কিনতে হলো। সবজির দামও বেড়েছে। হাতই দিতে পারছি না।”

\r\n

পণ্যের বাজার নিয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, “সরকারের জানা উচিত কারা এই বাজার নিয়ন্ত্রণ করছে। যাদের কারণে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।”

\r\n

এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ খুঁজে বের করতে তিন স্তরে তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোক্তাদের স্বস্তি ফেরাতে রমজানের মতো নিয়মিত বাজার মনিটরিং চালু রাখার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের প্রতি।