জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, সম্প্রতি মানুষ মনে করছে আগামী নির্বাচনে ক্ষমতার মানচিত্র পরিবর্তিত হতে পারে। এর আগে বিএনপির সহজ জয় এবং আসনের সংখ্যা নিয়ে আলোচনা থাকলেও এখন বিএনপির নামধারী নেতাদের বিরুদ্ধে মামলা, চাঁদাবাজি ও অন্যান্য ঘটনায় পরিস্থিতি ভিন্ন প্রেক্ষাপটে যাচ্ছে।
মাসুদ কামাল বলেন, “জামায়াত দীর্ঘদিন রাজনীতিতে বিনয়ী ভূমিকা পালন করত। কিন্তু হঠাৎ নেতাদের কথায় আত্মবিশ্বাস, গর্ব এবং ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা ফুটে উঠছে।” তিনি এ মন্তব্য করেছেন রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেল ‘কথা’-তে।
তিনি আরও জানান, গত শুক্রবার জামায়াত সারাদেশে পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়েছে। বিশেষভাবে চট্টগ্রামে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মাদ শাহজাহান দাবি করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে এবং বিএনপিকে বিরোধী দলে যেতে হবে।”
মাসুদ কামাল বলেন, এই ধরনের বক্তব্য জামায়াত নেতাদের মুখ থেকে প্রথমবার শোনা গেল। তবে তিনি প্রশ্ন তোলেন, এটা কি দলের আনুষ্ঠানিক অবস্থান, নাকি কোনো নেতা ব্যক্তিগতভাবে এ ধরনের মন্তব্য করেছেন। তিনি যোগ করেন, পরের দিন শনিবার জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মজলিশে দলটির আমির শফিকুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে।





