ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)-এর সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার দুপুর ২টায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজার অংশগ্রহণকারীদের জন্য কিছু শর্ত জারি করেছে সরকার। জানাজায় অংশ নেওয়া ব্যক্তিদের কোনো ধরনের ভারী ব্যাগ বা বস্তু বহন না করার অনুরোধ করা হয়েছে। এছাড়া, সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
জানাজা অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ১০০০ বডি ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
\r\nউল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকায় পৌঁছে শহীদ ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে হিমাগারে রাখা হয়েছিল। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে ইনকিলাব মঞ্চ জানিয়েছে।





