ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে ফেরার পথে রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্য সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, দুই ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজন হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

তিনি আরও জানান, হামলার সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।