শহিদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে। আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বাংলাদেশ সরকার এই দুইজনকে ফেরত আনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিক গৌতম লাহিড়ি জানতে চান, হত্যাকারীদের বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার বা কনস্যুলার অ্যাকসেসের বিষয়ে ভারতের অবস্থান কী। জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিষয়টি একটি চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারেননি।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গত রোববার (৮ মার্চ) জানিয়েছিল, চাঁদাবাজি এবং খুনের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত এই দুই বাংলাদেশি তাদের দেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছে। তারা বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), পটুয়াখালীর বাসিন্দা। আলমগীর হোসেন (৩৪), ঢাকার বাসিন্দা ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মিলে ওসমান হাদিকে হত্যা করে পালিয়েছে। এরপর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থান করেছিল এবং অবশেষে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁয়ে আসে। পুলিশ একটি মামলা দায়ের করেছে।