জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরও তার রাজনৈতিক লড়াই থামবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার বোন প্রার্থী হবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জুলাই চত্বরে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা আসে।
সমাবেশে আরও দাবি জানানো হয়, হাদির নামে শাহবাগের জুলাই চত্বরের নামকরণ এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনা হোক।
শাহবাগের এই সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। তরুণদের পাশাপাশি নারী ও পুরুষ, এমনকি অনেক পরিবারকেও দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন অনেকে।
সমাবেশে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর। তিনি বলেন, হাদির মৃত্যু মানা যায় না, কারণ তিনি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি সুশীল সমাজের একটি অংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, অতীতে বিভিন্ন হামলার ঘটনায় তাদের নীরবতা ছিল চোখে পড়ার মতো।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ এলাকায় ছাত্র-জনতার ঢল নেমেছে। হাতে জাতীয় পতাকা, মুখে নানা স্লোগান। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগানে মুখর ছিল এলাকা।
\r\nযাত্রাবাড়ি থেকে আসা এক শিক্ষার্থী সোহেল বলেন, হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত।
\r\nউল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে।





