ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন রহমান শিকদারকে (৩২) অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হিমন আদাবর থানার যুবলীগের কর্মী।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হিমনকে ঢাকার আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদাবর এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়, যেখানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া যায়।

এডিসি জুয়েল রানা জানান, হিমন ওই আবাসিক হোটেলে আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, হাদিকে হত্যার জন্য ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীর। হিমন আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।