ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বিশেষ অভিযানকারী বাহিনী।

শনিবার (১৪ মার্চ) ভোরে নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে একই মামলায় আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করে ওই বাহিনী।

ময়মনসিংহের বাসিন্দা ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেছেন যে, তিনি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন।

এ ছাড়া বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরে তিনিও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।