একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। অনুমোদন পেলে একটি কেন্দ্রীয় নীতিমালার মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে।\r\n

\r\n

বিটিআরসি সূত্রে জানা গেছে, নতুন নিয়ম কার্যকর হলে কেউ আর একটি এনআইডিতে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধন করতে পারবে না। তবে বর্তমানে যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম চালু রয়েছে, তাদের ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নীতিমালায় স্পষ্ট করা হবে।\r\n

\r\n

এই পদক্ষেপের পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে নিরাপত্তা ঝুঁকি ও সাইবার অপরাধ প্রতিরোধ। বিটিআরসি বলছে, অসাধু চক্র একাধিক বা জাল এনআইডির মাধ্যমে বহু সিম সংগ্রহ করে সেগুলো প্রতারণা, সাইবার অপরাধ এবং অনলাইন জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করছে। এছাড়া, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং মোবাইল সেবার অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ করতেও এই সীমা কার্যকর হবে বলে মনে করছে কমিশন।\r\n

\r\n

বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, \"সাম্প্রতিক এক কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হবে।\"\r\n

\r\n

বর্তমানে একজন গ্রাহক নিজের নামে কতটি সিম চালু রয়েছে তা জানতে পারবেন বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইটে (www.sims.btrc.gov.bd) গিয়ে।