রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

পরীক্ষার রুটিন অনুযায়ী, ২৪ জুলাই অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষা নেওয়ার কথা ছিল।

এর আগে, একই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।

আজকের রুটিন অনুযায়ী, অনুষ্ঠিত হওয়ার কথা ছিল:

রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র

ইতিহাস দ্বিতীয় পত্র

গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র

বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর সরকার ২২ জুলাই মঙ্গলবারকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

এ ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আহতদের চিকিৎসা, ক্ষতিপূরণ এবং ভবিষ্যৎ দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা ও অভিভাবকরা।