নির্বাচন, কাঙ্ক্ষিত সংস্কার এবং আসন্ন 'জুলাই ঘোষণাপত্র' নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত এই রুদ্ধদ্বার বৈঠক থেকে দুপুর ২টা ৫ মিনিটে জরুরি কাজের কারণে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, “বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হচ্ছে।” তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে জানতে চাইলেও তিনি সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ, তৌহিদ হোসেন ও আলী ইমাম মজুমদারও বৈঠক থেকে বের হয়ে যান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা জানিয়েছেন, বৈঠকের বিস্তারিত সারসংক্ষেপ পরবর্তীতে জানানো হবে।

সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন, বিশেষ করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।