উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় গঠিত ছয় দফা দাবি পূরণে সম্মতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২২ জুলাই) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আসিফ নজরুল জানান, “মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। এখানে হতাহত ও নিখোঁজদের তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ট্রমা ব্যবস্থাপনা সেবা দেওয়া হবে।”

তিনি বলেন, “আন্দোলনের সময় সেনাসদস্যদের হাতে কিছু শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং সেনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।”

এছাড়া জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। “বিমান বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।”

বৈঠকে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার জানান, ২৪ জুলাই যেসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা ছিল, তা নির্ধারিত অন্যান্য পরীক্ষার শেষে নতুন তারিখে নেওয়া হবে। তিনি বলেন, “কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবনে ক্ষতিগ্রস্ত না হয়, সরকার তা গভীরভাবে নজরে রাখছে।”

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন। এই ঘটনার জেরে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করে আন্দোলন শুরু করে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ
২. আহতদের সুনির্দিষ্ট তালিকা
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল
৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলোর প্রতিটিকে যৌক্তিক হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।