সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তিনি বলেন, সরকার দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সচেষ্ট।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ্মীপুরের ১৬ জন সংবাদকর্মীকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “বিগত দিনে এ অঞ্চলের সাংবাদিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা গত ১৪ মাস ধরে মতবাদ ও আদর্শ নির্বিশেষে প্রকৃত প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছি।” তিনি আরও বলেন, “সরকার গণমাধ্যমকে অনেক ক্ষেত্রে ভঙ্গুর করে রেখেছে। গুজব ও নির্বাচনী বিশৃঙ্খলা প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে তাদের সতর্ক ও সক্রিয় থাকতে হবে।”

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।
বক্তব্য দেন সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম স্বপন ও তৌহিদুর রহমান রেজা।