কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিলে কর্মী-সমর্থকদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রের দাবি, মিছিলে অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা এবং ব্যানার ধরার জন্য ৮ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। গত ১০ মাসে এসব মিছিল থেকে রাজধানীতে অন্তত সাড়ে ৩ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছরের মে মাসে সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপরও রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে দলটির ঝটিকা মিছিল দেখা যাচ্ছে। এসব মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ ও যানবাহনে হামলার মতো ঘটনাও ঘটেছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১০ মাসে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “যারা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি যারা আশ্রয়, ইন্ধন বা অর্থ সহায়তা দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।”

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “এই পরিস্থিতি পুলিশ একা সামাল দিতে পারবে না। অর্থের বিনিময়ে মিছিলে অংশগ্রহণকারীরা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।” তিনি নির্বাচনের আগে জনমনে শান্তি ফিরিয়ে আনতে নিষিদ্ধ দলগুলোর ওপর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দেন।

বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষিদ্ধ সংগঠনগুলোর আর্থিক উৎস ও মাঠপর্যায়ের নেটওয়ার্কের ওপর কড়া নজর রাখতে হবে।