দেশের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সব সেনা সদস্যকে আগামী জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনা প্রত্যাহারের কার্যক্রম শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলাগুলো থেকে সেনা সদস্যদের ফিরিয়ে আনা হবে, এরপর পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও বড় জেলা থেকে তাদের প্রত্যাহার করা হবে। পুরো প্রক্রিয়া জুন মাসের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারির পর তৎকালীন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে মাঠে নামায়। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মোতায়েন অব্যাহত রাখা হয়।

পরে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে সীমিত বিচারিক ক্ষমতা প্রদান করে। তবে বর্তমানে সেই ক্ষমতা আর বহাল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী মূলত সহায়ক শক্তি হিসেবে কাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা দিচ্ছে। তবে তারা আর সরাসরি আইনগত পদক্ষেপ বা গ্রেপ্তার কার্যক্রমে অংশ নিচ্ছে না।

সরকারের এই সিদ্ধান্তকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির একটি ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।