গণঅভ্যুত্থানের সময় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে।
তাদের পক্ষে নিযুক্ত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ থাকলেও তার জন্য প্রয়োজন তাদের গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণ। তিনি বলেন, “আমার ক্লায়েন্টরা যদি আত্মসমর্পণ না করে বা গ্রেপ্তার না হয়, তাহলে এ মামলায় আপিল করার কোনো সুযোগ নেই।”
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। রায়ের অংশ হিসেবে রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর সংবাদমাধ্যমের ব্রিফিংয়ে আইনজীবী আমির হোসেন বলেন, “ট্রাইব্যুনালের রায় মেনে নিয়েছি, তবে এটি ভিন্নভাবে হতে পারতো। আমি এতে কিছুটা ক্ষুব্ধ এবং মন খারাপ আছে।”
তিনি আরও বলেন, “রায় ঘোষণার কপি আমাকে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাই ক্লায়েন্টদের আপিলের জন্য শর্ত হলো গ্রেপ্তার বা আত্মসমর্পণ।”





