বরিশালের আদালত ভাঙচুর মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন আসামিকে জামিন দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে দ্রুত বিচার আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেল এই আদেশ দেন।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি নাজিমউদ্দিন পান্না, সাবেক আইনজীবী নেতা মহসিন মন্টু, আব্দুল মালেক, এপিপি সাঈদ চৌধুরী, এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, ছাত্রদলের সাবেক নেতা তারেক আল ইমরান, আইনজীবী ফোরামের সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন ও বসিরউদ্দিন সবুজ।

আদালত সূত্র জানায়, ২০০ টাকার মুচলেকায় ১১ জনকে জামিন দেওয়া হয়। মামলার ৬ নম্বর আসামি মিজানুর রহমান সাঈদের জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনূসের জামিনের প্রতিবাদে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দ্রুত বিচার আইনে ১২ জনকে আসামি করে মামলা করা হয়। পরবর্তীতে আদালতের কার্যক্রম কয়েকদিন বন্ধ থাকলেও গত রবিবার থেকে পুনরায় বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।