কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পেয়ে আবারও আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে নতুন একটি মোর্চা গঠন করে আগামী শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা।
\r\nবাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সহকারী শিক্ষকরা তিন দফা দাবি নিয়ে আন্দোলনে যাচ্ছেন।
\r\nদাবিগুলো হলো—
\r\n১. সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণ,
\r\n২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান,
\r\n৩. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
দাবি বাস্তবায়ন পরিষদের এই আন্দোলনে অংশ নিচ্ছে— বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরও কয়েকটি সংগঠন।
\r\nসংগঠনগুলোর তথ্যমতে, অন্তত ২০ হাজার শিক্ষকের উপস্থিতি আশা করা হচ্ছে এই কর্মসূচিতে। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
\r\nদেশের ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত রয়েছেন প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক। গত ২৪ এপ্রিল গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করে। তবে সহকারী শিক্ষকরা তাতে অসন্তোষ প্রকাশ করেছেন এবং পুরনো দাবি অনুযায়ী দশম গ্রেড বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেছেন।





