প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) রেফারির ভূমিকা পালন করবে এবং সেই ভূমিকা থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ। রোববার (১৫ জুন) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদপরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
\r\nসভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
\r\nসিইসি বলেন, \"নির্বাচনের প্রস্তুতি আমরা ইতোমধ্যে শুরু করেছি। কমিশন রেফারির মতো ভূমিকা পালন করবে। যারা খেলবে, খেলুক; যারা জিতবে, জিতুক। তবে কমিশনের দায়িত্ব থাকবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। এজন্য আমরা বদ্ধপরিকর।\"
\r\nতিনি আরও বলেন, \"নির্বাচন-সংক্রান্ত অনেক কাজ আমরা আগেই এগিয়ে নিয়েছি। যা বাকি রয়েছে, তা সম্মিলিতভাবে সম্পন্ন করতে হবে। আজকের এই মতবিনিময় সভা আমাদের একটি অঙ্গীকার—জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার।\"
\r\nআন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের নির্বাচন ঘিরে আস্থা রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, \"প্রধান উপদেষ্টা লন্ডন, জাপানসহ বিভিন্ন দেশে বিশ্বনেতাদের জানিয়েছেন—আমরা একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজন করতে চাই। বিশ্বজুড়ে এ নিয়ে আশাবাদ তৈরি হয়েছে।\"
\r\nকর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, \"রমজানেও আপনারা ওয়াদা করেছিলেন নিরপেক্ষভাবে কাজ করবেন। আজ আবারও বলছি—আজকের শপথ হবে, কোনো দলের প্রতি পক্ষপাত নয়, আইন ও ন্যায়বিচার অনুযায়ী কাজ করার।\"
\r\nআওয়ামী লীগ আমলের আগের নির্বাচন কমিশনগুলোর নানা সমালোচনার পরিপ্রেক্ষিতে সিইসি নাসির উদ্দিন বলেন, \"আমরা অতীত নিয়ে কথা বলতে চাই না। আমরা দায়িত্বে আছি, এবং আমরা রেফারির মতো কাজ করব।\"
\r\nসিইসি আশাবাদ ব্যক্ত করেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জাতিকে একটি ইতিবাচক বার্তা দিতে সক্ষম হবে বর্তমান নির্বাচন কমিশন।







