বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ম্যাগাজিন পাওয়ার ঘটনায় মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ম্যাগাজিনটি একে-৪৭ রাইফেলের ছিল না এবং এটি একটি ভুলের কারণে সেখানে ছিল।


সোমবার (৩০ জুন) বিকেলে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, \"অনেকে বলছে তিনি (উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন, কিন্তু এটি একে-৪৭ নয়। এটি তাঁর একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল। এটি ভুলে রয়ে গিয়েছিল।\"


উদাহরণ হিসেবে তিনি বলেন, \"অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিতে যাবেন, কিন্তু ভুল করে মোবাইল নিয়ে চলে যান। এটি শুধু একটি ভুল।\" তিনি আরও বলেন, \"যদি উনি আগে জানতেন, তাহলে এটা কোনোভাবেই সঙ্গে নিয়ে যেতেন না।\"


এদিকে, প্রশ্ন উঠেছে যে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স ৩০ হয়নি, তবে তিনি কীভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, \"আমি ওই আইনটা দেখিনি, তাই এ বিষয়ে কিছু বলব না।\"


এছাড়া, বিমানবন্দরে দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগাজিনটি ধরা পড়েনি, তৃতীয় দফায় গিয়ে এটি ধরা পড়ে। এ বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, \"এ জন্য আমি ইতোমধ্যে বলেছি।\" তিনি উদাহরণ দিয়ে বলেন, \"ধরুন, আমার ভাই একজন নেতা। উনি যখন বিমানবন্দরে প্রবেশ করেন, তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পায়। তবে, এই প্রিভিলেজ যেন কারও ক্ষেত্রে না হয়, এবং সবার জন্য আইন সমানভাবে কার্যকর হোক, এ জন্য আমি বলেছি।\"