আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মনে করেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমানো সম্ভব হবে। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ জানান, ই-পারিবারিক আদালত চালু হলে বিচারপ্রার্থীদের আর ঘুরতে হবে না, ফলে সময় বাঁচবে এবং দুর্নীতি কমবে। তিনি আরও বলেন, “বিচারব্যবস্থা সহ সব ক্ষেত্রেই এখন ডিজিটালাইজেশনের দিকে এগোনোর সময় এসেছে। আমাদেরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, শুধু এটাকে সন্তানের মতো দেখবেন।”
আইন উপদেষ্টা জানান, আইন মন্ত্রণালয়ে ইতোমধ্যে ২১টি সংস্কার কার্যকর করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তারা দেশের স্বার্থে এই রিফর্মগুলো অব্যাহত রাখবে।
তিনি আরও জানান, পারিবারিক মামলায় বিনামূল্যে লিগ্যাল এইড বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ২০টি জেলায় এটি চালু রয়েছে এবং অচিরেই ৬৪টি জেলায় প্রসারিত হবে। তিনি আশা করেন, আগামী পাঁচ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমানো সম্ভব হবে।
ড. আসিফ উদাহরণ দিয়ে বলেন, সিঙ্গাপুরকে সংস্কার করতে সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউকে ১০ বছর লেগেছিলেন। তাই কোনো সংস্কার রাতারাতি সম্ভব নয়। জনগণের গ্রহণযোগ্যতা ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যায় না এবং বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়া তা সফল হবে না।





