সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তারা মহাসড়কে অবস্থান নেন, এতে উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভের পেছনে কারণ হলো পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান। গত সপ্তাহে বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের লক্ষ্যে সাভার উপজেলায় অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে সাভারের মুশুরীখোলা এলাকার মেসার্স এ বি এম অ্যান্ড কোং ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়, কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার এ বি এন ব্রিকস ও চাপড়া এলাকার এইচ এম বি স্টার ব্রিকসের চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং প্রতিটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। মেসার্স এম এইচ এস ব্রিকস নামের ইটভাটার চিমনিও ভেঙে কার্যক্রম স্থগিত করা হয়। অভিযানের সময় সব ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আন্দোলনকারী শ্রমিকেরা জানান, অভিযান চলাকালীন ইটভাটার চিমনি ধ্বংস, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে তারা ক্ষুব্ধ। তারা ইটভাটা চালুসহ অভিযান বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহনের জন্য ভোগান্তি সৃষ্টি হয়েছে।





