রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার পৃষ্ঠার তথ্য-উপাত্ত জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আবেদনপত্রে কিছু ঘাটতি থাকায় কমিশনের প্রাথমিক যাচাইয়ে তারা বাদ পড়েছে।
বুধবার (১৬ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানান, নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি রাজনৈতিক দলই প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এসব দলকে প্রয়োজনীয় সংশোধনী জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রথম ধাপে ৬২টি দলকে সংশোধনের জন্য চিঠি পাঠানো হচ্ছে, পর্যায়ক্রমে বাকিদেরও চিঠি দেওয়া হবে।
এর আগে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, “নিবন্ধনের জন্য যেসব শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র কমিশন চেয়েছে, তার চেয়ে বেশি তথ্য আমরা দিয়েছি। প্রায় ৪৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্টস আমরা ট্রাকে করে ইসিতে জমা দিয়েছি।”
কমিশন সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানায় ইসি। পরে কিছু দলের অনুরোধে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। ওই সময়ের মধ্যে ১৪৪টি দল মোট ১৪৭টি আবেদন জমা দেয়।
নিবন্ধনের শর্ত অনুযায়ী যেসব তথ্য দিতে হয়: সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, কার্যকর কেন্দ্রীয় ও জেলা কমিটি (কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়), অন্তত ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানার ২০০ ভোটারের সমর্থনের সনদ, গঠনতন্ত্র, ইশতেহার (যদি থাকে), দলের লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির সদস্য তালিকা, ব্যাংক হিসাব ও বর্তমান স্থিতির তথ্য
প্রাথমিক যাচাইয়ে বাদ পড়া দলগুলোকে ১৫ দিনের সময় দেওয়া হবে এসব ত্রুটি সংশোধনের জন্য। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না করলে আবেদন বাতিল বলে বিবেচিত হবে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা: ৫১টি
নিবন্ধনের আবেদন করা দলের মধ্যে রয়েছে:
বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি, মুসলিম জনতা পার্টি, নতুন প্রজন্ম পার্টি, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, ন্যাশনাল ফ্রিডম পার্টি, বাংলাদেশ আজাদী পার্টি, বাংলাদেশ সোশাল ডেমোক্র্যাটিক পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ রিপাবলিকান পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ নাগরিক কমান্ড, নৈতিক সমাজ, বাংলাদেশ শান্তির দল, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ কৃষক পার্টি (কেএসপি), ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), ভাসানী শক্তি পার্টি, জনতা মহাজোট বাংলাদেশ, নিউক্লিয়াস পার্টি, ইউনাইটেড বাংলাদেশ পার্টিসহ আরও শতাধিক দল।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। চলমান যাচাই-বাছাই শেষে যোগ্য দলগুলোকে প্রতীকসহ নিবন্ধন সনদ দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।






