নিবন্ধন স্থগিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। একদিন আগেও দলটির (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে ‘নৌকা’ দেখা গেলেও বুধবার (১৬ জুলাই) সকালে তা আর দেখা যায়নি।
ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”
এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রশ্ন তোলেন—“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক নির্বাচন কমিশনের মালিকানাধীন, এটি বরাদ্দ দেওয়া হয় কেবলমাত্র একটি দলের জন্য। যদি কোনো দল বিলুপ্ত হয়, তবুও প্রতীক ইসির অধীনে থাকবে এবং তা পরবর্তীতে অন্য কারও জন্য বরাদ্দ দেওয়া হতে পারে।”
বর্তমানে ইসির তালিকাভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫০টি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ, বাকিগুলো স্বতন্ত্র প্রার্থীদের জন্য। তবে আইন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নতুন তালিকায় জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ যুক্ত হলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক ‘নৌকা’ নিয়ে কমিশনের অবস্থান ঘিরে নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে।






