পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে চলমান মাসব্যাপী ইসলামী বইমেলার সময়সীমা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই বইমেলা ১৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে। বায়তুল মোকাররম ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটি ও বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতির আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন।

সংস্থাটি জানিয়েছে, বইমেলার ভাবগম্ভীর্য ও মর্যাদা বজায় রেখে অধিক প্রচার-প্রচারণা অব্যাহত রাখা এবং সুশৃঙ্খল পরিবেশে মেলা পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে আহ্বান জানানো হয়েছে।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত এই বইমেলায় দেশের শীর্ষস্থানীয় ইসলামী প্রকাশকদের নতুন বই, ধর্মীয় সাহিত্য ও গবেষণাধর্মী প্রকাশনা প্রদর্শিত ও বিক্রি হচ্ছে।