রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে যানজট কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের প্রস্তাবও এসেছে।


শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।


বৈঠকে বলা হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালিয়ে যেতে পারেন। পাশাপাশি সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য হকারদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়।


সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তান এলাকায় সড়ক থেকে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এরপরই বিকল্প পুনর্বাসনের বিষয়টি সামনে আসে।


এছাড়া স্কুল-কলেজ শুরুর ও ছুটির সময় সড়কে যানজট কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব মাঠের একটি অংশ পার্কিং হিসেবে ব্যবহারের প্রস্তাবও আলোচনায় উঠে আসে।


বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, দুই সিটি করপোরেশন, রাজউক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।