রাজধানীর উত্তরা এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি, মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশে ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে সংস্থাটি যোগ দেবে বলেও জানিয়েছে।
\r\nসোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, “ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘ বাংলাদেশের জনগণের সঙ্গে গভীরভাবে শোক ভাগাভাগি করছে।”
\r\nবার্তায় আরও উল্লেখ করা হয়, “এ মর্মান্তিক ঘটনায় বহু শিশুসহ অনেকের প্রাণহানি ও বহু মানুষ আহত হয়েছেন, যা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
\r\nজাতিসংঘ এই দুর্ঘটনাকে ‘মর্মান্তিক জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করে বলেছে, এ ধরনের দুঃসময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহায়তা ও সংহতি জানাচ্ছে জাতিসংঘ।
\r\nউল্লেখ্য, সোমবার বিকেলে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটে এবং শতাধিক আহত হন।






