ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশে একটি খোলা মাঠে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করেছে। দুপুর ১টার পর হেলিকপ্টারটি কয়েকবার ওঠানামা করেছে।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী হাসপাতালের পাশে দুটি মাঠে হেলিকপ্টারের পরীক্ষা করা হবে। বিভ্রান্তি এড়াতে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় তার নিরাপত্তায় এসএসএফ মোতায়ন করা হয়েছে।


হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু নেতাকর্মী উপস্থিত হন। হাসপাতালের প্রধান ফটকের সামনের কাঁটাতারের ব্যারিকেডের পাশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।


হাসপাতালের সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসা চালাচ্ছেন দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।