বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, \"জনগণের উচিত এমন ব্যক্তিকে নির্বাচিত করা, যিনি সঠিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন এবং জনস্বার্থে ব্যয় করবেন। এমন কাউকে নির্বাচন করবেন না, যাকে পরে পালিয়ে যেতে হয়—যিনি জনগণের সঙ্গে থাকবেন, তিনিই প্রার্থী হওয়ার যোগ্য।\"
শুক্রবার (৫ জুলাই) বিকেলে জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা চাই স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন হোক। ভালো নির্বাচন মানে, ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সব প্রার্থীর পোলিং এজেন্ট যেন কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন এবং ভোট শেষে প্রকাশ্যভাবে গণনা হয়। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করি না। যে-ই নির্বাচিত হোন, আমরা তাকে স্বাগত জানাব। তবে নির্বাচন সুষ্ঠু না হলে ভবিষ্যতের জন্য তা হবে অশনি সংকেত।”
কূপ খনন কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা জানান, জামালপুর-১ কূপে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে, যা আগে নিশ্চিত ছিল না। এখানে প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ঘনফুট (৫ এমএমসিএফ) গ্যাস পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, “এই কূপ থেকে তিন কিলোমিটার দূরে আরও একটি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গ্যাস মজুদের পরিমাণ আরও ভালোভাবে নির্ণয় করা যাবে। এর আগে আমরা ২-ডি এবং ৩-ডি সিসমিক সার্ভে করব, যাতে সম্ভাব্যতা আরও নিশ্চিত করা যায়।”
উপদেষ্টা জানান, গ্যাস অপচয় না করে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। “এখানে একটি মোবাইল প্রসেসিং প্ল্যান আনার পরিকল্পনা আছে, যেটি গ্যাসকে রিফাইন করে স্থানীয় শিল্প-কারখানায় ব্যবহার উপযোগী করে তুলবে। যদি বৃহৎ গ্যাসক্ষেত্র পাওয়া যায়, তাহলে আরও বড় বিনিয়োগের সম্ভাবনা থাকবে।”







