গণতন্ত্রের নতুন সুযোগকে কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। শনিবার (১০ মে) জাতীয় সংসদের এলডি হলে গণফোরামের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

\r\n

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে যত দূর সম্ভব প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনে ঐকমত্য প্রতিষ্ঠা করতে। যদি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, তাহলে গণতন্ত্রের যে নতুন সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়ন সম্ভব হবে। আমাদের দীর্ঘ সংগ্রাম এবং আত্মত্যাগ—বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত—আমাদের এই দায়িত্ব দিয়েছে।”

\r\n

তিনি গত ৫৩ বছরে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনে ঘটে যাওয়া ব্যত্যয়গুলো সম্মিলিতভাবে মোকাবিলার আহ্বান জানান এবং বলেন, “এখন সময় সবাইকে একসঙ্গে পথ চলার।”

\r\n

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ব্যাখ্যা করে আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ প্রস্তুতের লক্ষ্য রয়েছে। এই সনদের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে।”

\r\n

তিনি আরও বলেন, “গণফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্রের সংগ্রামে যুক্ত। আইনের শাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তাদের সাংগঠনিক ভূমিকা রয়েছে।”

\r\n

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।