শীত মানেই ভোজনের আনন্দ, আর গরম গরম বিরিয়ানি যেন সেই আনন্দেরই প্রতীক। কিন্তু সুগন্ধি এই খাবারের সঙ্গে আসে ক্যালরির চিন্তাও। নিয়মিত বিরিয়ানি খেলেই ওজন বাড়ে-এই ধারণা অনেকেরই। তবে বিশেষজ্ঞরা বলছেন, রান্নার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলে বিরিয়ানি খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

নিচে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ৬টি নিয়ম তুলে ধরা হলো-

১. মাংসের পরিবর্তে লিন প্রোটিন বেছে নিন :
গরু বা খাসির পরিবর্তে চিকেন ব্রেস্ট, ডিম বা টোফু ব্যবহার করুন। এগুলো ফ্যাট কম, প্রোটিন বেশি।

২. ম্যারিনেশনে লো-ফ্যাট দই ব্যবহার করুন :
৪০০ গ্রাম চিকেন ১০০ গ্রাম ফ্যাট-ফ্রি বা গ্রিক ইয়োগার্টে ম্যারিনেট করুন। এতে প্রোটিন থাকবে পর্যাপ্ত, বাড়তি ক্যালরি নয়।

৩. তেলে ডুবিয়ে ভাজা নয় :
বেরেস্তার জন্য ডুবো তেলে ভাজার বদলে এক চামচ ঘিতে হালকা ভেজে নিন, বা এয়ার ফ্রায়ারে ১০-১২ মিনিট দিন। এতে ক্যালরি অনেক কমবে।

৪. চালের পরিমাণ অর্ধেক করুন :
এক প্লেট বিরিয়ানিতে সাধারণত ৭০০-৮০০ ক্যালরি থাকে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে চাল কমিয়ে প্রোটিন বাড়ান, যাতে ক্যালরি ৪০০-এর মধ্যে থাকে।

৫. কোল্ড ড্রিংকের বদলে রায়তা ও সালাদ :
বিরিয়ানির সঙ্গে সোডা বা কোল্ড ড্রিংক না খেয়ে রায়তা, সালাদ বা এক গ্লাস পানি রাখুন। এতে হজম সহজ হবে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

৬. সময় ও পরিমাণে সতর্ক থাকুন :
বিরিয়ানি দিনে একবারের বেশি না খাওয়াই ভালো। দুপুরে খেলে হজম ভালো হয়, রাতে খেলে ফ্যাট জমার ঝুঁকি বাড়ে।

সঠিক উপকরণ, কম তেল, পরিমিত পরিমাণ ও স্বাস্থ্যকর সাইড ডিশ-এই কৌশলগুলো মানলেই নির্ভয়ে উপভোগ করতে পারেন প্রিয় বিরিয়ানির স্বাদ।