কোনো নাগরিককে গ্রেফতারের আগে পুলিশ সদস্য বা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাকে নিজের পরিচয়পত্র দেখাতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে এই বিধান যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
আইন উপদেষ্টা বলেন, “আমরা ফৌজদারি কার্যবিধির কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেছি। এখন থেকে গ্রেফতারের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবশ্যই আইডি কার্ড দেখাতে হবে এবং নিজের পরিচয় ও সংস্থা সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে।”
আসিফ নজরুল আরও জানান, “কোনো ব্যক্তিকে থানায় নেওয়ার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো বাধ্যতামূলক করা হয়েছে। আগে এমন বাধ্যবাধকতা না থাকায় বহু মানুষ দিনের পর দিন নিখোঁজ থাকতেন।”
তিনি বলেন, “প্রত্যেকটি গ্রেফতারে একটি মেমোরেন্ডাম প্রস্তুত করতে হবে, যেখানে গ্রেফতারের আইনি ভিত্তি, কারণ, সময় এবং কর্মকর্তার পরিচয় লিখিতভাবে উল্লেখ থাকবে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রথম ধাপ।”
আইন উপদেষ্টা মনে করেন, “এই সংস্কার নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছি, আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটি যথাযথভাবে বাস্তবায়ন করবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।






