ঢাকার কেরানীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার কারখানায় বিস্ফোরণের ঘটনায় সাব্বির রহমান (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদাবাগ নিউ টাউন সিটি এলাকায় রবিউল ইসলামের মালিকানাধীন কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত সাব্বির পাবনা জেলার সদর থানার বাসিন্দা এবং শরিফুল ইসলামের ছেলে। আহত শ্রমিকদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে কারখানাটি চালু করা হয়। সোমবার সকাল থেকেই শ্রমিকরা কাজ করছিলেন। দুপুরে হঠাৎ একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কারখানার ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আনোয়ার হোসেন ইত্তেফাক ডিজিটালকে জানিয়েছেন, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানায় এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক ও গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক দ্রব্য ও সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক বলেন, কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা ও সনদ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নিহত শ্রমিকের পরিবারকে উপজেলা প্রশাসন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।





