ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পর সরকারি উদ্যোগে হাইটেক পার্ক নির্মাণের গুঞ্জন সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার ফেসবুক বার্তায় জানিয়েছেন, কড়াইল বস্তিতে হাইটেক পার্ক স্থাপনের কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, \"বিশেষভাবে হাজার হাজার মানুষ যখন আগুনে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে, তখন হাই-টেক পার্ক স্থাপনের আজগুবি বিষয় সামনে আনা সরকারের বিব্রত করার চেষ্টা। এটি নিন্দনীয়।\"

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, কড়াইল বস্তিতে প্রস্তাবিত যে কোনো ধরনের স্থাপনা সরকার বিবেচনা করেনি। যদিও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছে প্রায় ৪৩ একর জায়গা রয়েছে, তারা কখনও এটিকে ব্যবহার করেনি।

তিনি উল্লেখ করেন, এর পরিবর্তে ঢাকার কারওয়ান বাজার এলাকায় সফটওয়্যার পার্কের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। কড়াইল বস্তিতে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নেই বলে তিনি পুনর্বার স্পষ্ট করেছেন।