আগামী জাতীয় সংসদ নির্বাচনে গত তিনটি জাতীয় নির্বাচনে 'অবাধ ও সুষ্ঠু' বলে সার্টিফিকেট দেওয়া বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর উপস্থিতি চায় না নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, “আমরা ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। অনেক অভিজ্ঞ বিদেশি পর্যবেক্ষক আগামী নির্বাচনে আসবেন। তবে যারা বিগত তিনটি নির্বাচনকে ‘ভালো’ বলে সার্টিফিকেট দিয়েছেন, তাদের এবার আমন্ত্রণ জানানো হবে না।”
তিনি আরও বলেন, “কানাডার হাইকমিশনার আমাদের প্রস্তুতির খোঁজ নিয়েছেন। তাদের জানানো হয়েছে, ভোটারদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, প্রশিক্ষণের ব্যবস্থা চলছে এবং কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে।”
এসময় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা নিয়েও আলোচনা হয় বলে জানান সিইসি। তিনি বলেন, “এ বিষয়ে কানাডা পরামর্শ ও সহায়তা দিতে আগ্রহী।”
সিইসি আরও জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও পরিকল্পনায় কানাডা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছে।






