জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর গোপালগঞ্জে জারি করা কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হওয়া কারফিউ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে, যাতে প্রয়োজনীয় কার্যক্রম ও জরুরি প্রয়োজনে জনগণ বাইরে যেতে পারে। তবে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুনরায় কারফিউ বলবৎ থাকবে।

প্রসঙ্গত, সহিংসতার ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, যার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।