গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার জেরে জারি করা কারফিউ আজ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া দফায় দফায় হামলা ও সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান কারফিউ শিথিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী সময়ে কারফিউ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার এনসিপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা ওই সহিংসতায় অংশ নেয়। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথমে জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেন। তবে পরিস্থিতির আরও অবনতি হলে বুধবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।
পরদিন বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউর সময়সীমা বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। এর মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়।
শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়। সর্বশেষ শুক্রবার রাত ১১টায় জেলা প্রশাসক ঘোষণা দেন যে, আজ সকাল থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।






